সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩০ ডিসেম্বর ২০২৫, ১:০৪ অপরাহ্ন
শেয়ার

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন খালেদা জিয়া: মন্ত্রিপরিষদ সচিব


Begum Khaleda Zia 30 DEC

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর শেরেবাংলা নগরে খালেদা জিয়াকে তাঁর স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন এলাকার সংসদ প্লাজায় জোহরের নামাজের পর বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। আজ তাঁর মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হবে এবং বুধবার সকালে সেখান থেকে সংসদ ভবন এলাকায় নেওয়া হবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। শেষ সময়ে হাসপাতালে তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ চার দশকের বেশি সময় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকা খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার প্রভাবশালী নারী নেত্রীদের অন্যতম। তাঁর প্রয়াণে দেশবাসী, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের আবহ নেমে এসেছে।