
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। সেখানে তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বেগম জিয়ার চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করেন।
ব্যক্তিগত ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে লিখেছেন, ‘রাজনীতির কঠিনতম সময়গুলোতে বেগম খালেদা জিয়া কখনো দেশ ও দেশের মানুষের প্রশ্ন থেকে সরে দাঁড়াননি। মতভেদ থাকতেই পারে, থাকবে। কিন্তু তার ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তা আমাদের মতো তরুণ রাজনীতিবিদের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে।’
তিনি আরো বলেন, ‘আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করুন। তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করুন।’
আজ সকালে এই প্রবীণ নেত্রীর প্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে, তাসনিম জারার এই বার্তা যেন সেই ইতিহাসের প্রতি এক তরুণ রাজনীতিবিদের বিনম্র স্বীকৃতি।



































