শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১ জানুয়ারি ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ


arshadul-rouf

ছবি: সংগৃহীত

বর্তমান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তার অব্যাহতি পত্র দাখিল করা হয়। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি এ সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে ৭ আগস্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। পরদিন ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তার পদত্যাগের ফলে শূন্য হওয়া এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে আপাতত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আরশাদুর রউফ।