বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ জানুয়ারি ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার

নবম পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুজব, যা জানাল কমিশন


Bangladesh-Government

ফাইল ছবি

সম্প্রতি নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন ৯০ শতাংশ বৃদ্ধি পাবে এমন গুজব ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় বেতন কমিশন (পে কমিশন) বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে।

কমিশনের একটি দায়িত্বশীল সূত্র মঙ্গলবার রাতে জানিয়েছে, নবম পে স্কেলে বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে বা গ্রেড সংখ্যা কত হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সব বিষয়ে ঐকমত্য না থাকায় কমিশন এখনও সরকারের কাছে সুপারিশ জমা দিতে পারেনি।

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক সদস্য বলেন, বেতন বৃদ্ধির হার, গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের মধ্যে মতভেদ রয়েছে। তাই ৯০ শতাংশ বেতন বৃদ্ধি বা ১৬ গ্রেডের তথ্য সঠিক নয়।

এদিকে, নবম পে স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। কমিশনের এক সদস্য জানিয়েছেন, সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

পে কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ব্যাপারে তিনটি বিকল্প নিয়ে ভাবছে। একাংশ সদস্য বর্তমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে বেতন-ভাতা বৃদ্ধির পক্ষে, অন্য অংশ গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি করার পরামর্শ দিয়েছে। আবার আরেকাংশ সদস্য গ্রেড সংখ্যা আরও কমিয়ে ১৪টি করার পক্ষে মত দিয়েছেন।

কমিশন জানিয়েছে, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে-স্কেল প্রণয়নের জন্য সব প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্য হলেই শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হবে।