বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৯ জানুয়ারি ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
শেয়ার

প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শেষ করল ইসি


Election Commission

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১২১টি দেশের ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, গত ২০ ডিসেম্বর থেকে ধাপে ধাপে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। প্রায় তিন সপ্তাহের মধ্যে নিবন্ধিত সব প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানোর কাজ শেষ হয়েছে।

বাংলাদেশ ডাক বিভাগের এয়ারপোর্ট সর্টিং অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল শামীম সোহানী জানান, বৃহস্পতিবার ইসি থেকে পাওয়া সব পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর কার্যক্রম শেষ হয়েছে। বিমান বাংলাদেশ, এমিরেটস, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দ্রুততম সময়ে এসব ব্যালট পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই ব্যালটগুলো গন্তব্যে পৌঁছাবে বলে তিনি জানান।

নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক বিভাগ, সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সমন্বিত উদ্যোগে ‘আউট অব কান্ট্রি ভোটিং’ (ওসিভি) কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, নিবন্ধিত প্রবাসীদের মধ্যে তিন হাজারের বেশি ভোটার সঠিক ঠিকানা না দেওয়ায় তাদের কাছে ব্যালট পাঠানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর তাদের কাছে ব্যালট পাঠানো শুরু হবে। দেশের ভেতরে ব্যালট পাঠানো ও ফেরত আসার পুরো প্রক্রিয়ায় প্রায় সাত দিন সময় লাগতে পারে।

পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষার বিষয়ে সতর্ক করে সালীম আহমাদ খান বলেন, ভোটের গোপনীয়তা বজায় রাখা ভোটারের নিজস্ব দায়িত্ব। এ ক্ষেত্রে কেউ গোপনীয়তা লঙ্ঘন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, সর্বশেষ বৃহস্পতিবার রাতে ৯১টি দেশের ৩৯ হাজার ৩৮ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে।

দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, সৌদি আরবে সর্বোচ্চ ২ লাখ ৩৭ হাজার ৫২৯ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ১৭৪ জন, কাতারে ৭৫ হাজার ৮৬৯ জন এবং ওমানে ৫৬ হাজার ৬৩ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালট পেয়েছেন।

ইসির তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী এবং ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন দেশের অভ্যন্তরীণ ভোটার।