
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে অনভিপ্রেত ব্যক্তিদের আগমন ঠেকাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিয়মিত ভিসা নিয়ে আসা ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা থাকবে না।
এ সময় বাহরাইনে পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে বাংলাদেশি সেনা পাঠানোর বিষয়ে তৌহিদ হোসেন বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কেবল আলোচনা চলছে। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ যুদ্ধ করতে যাবে না এবং এমন কোনো কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে না, যাদের সঙ্গে যোগাযোগ সম্ভব নয়।
মিয়ানমার সীমান্তে সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক আপত্তি জানিয়েছে। তবে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।



































