বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ জানুয়ারি ২০২৬, ২:১১ অপরাহ্ন
শেয়ার

দাম কমার ১২ ঘণ্টার মধ্যে আবার সোনার দামের রেকর্ড বৃদ্ধি


gold

ফাইল ছবি

দেশের বাজারে সাময়িকভাবে সোনার দাম কমার রেশ কাটতে না কাটতেই আবার বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা গেছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম দাঁড়াল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধির প্রভাবেই নতুন করে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি জানুয়ারি মাসে একাধিক দফায় সোনার দামে বড় পরিবর্তন এসেছে। এর আগে ২২ জানুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৮ হাজার ৩৯৯ টাকা বাড়ানো হয়। এছাড়া ২১ জানুয়ারি ৫ হাজার ২৪৯ টাকা, ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা করে দাম বৃদ্ধি পায়।

সব মিলিয়ে মাত্র ছয় দফায় ভালো মানের এক ভরি সোনার দাম মোট ২৫ হাজার ৬৬১ টাকা বেড়েছে। এতে এক পর্যায়ে সোনার দাম ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা ছুঁয়ে নতুন রেকর্ড গড়ে। ওই রেকর্ড দামের ২৪ ঘণ্টার মধ্যেই ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমানো হলেও, অল্প সময়ের ব্যবধানে আবার দাম বাড়ায় এবার সোনার মূল্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও স্থানীয় কাঁচা সোনার দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে সোনার দামে এমন ধারাবাহিক পরিবর্তন দেখা যাচ্ছে।