
ফাইল ছবি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শের দল নেই। তার ভাষায়, দলটি এখন ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অলি আহমদ অভিযোগ করে বলেন, এখন এমন অবস্থা হয়েছে যে কোথাও একটা ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকে চাঁদা তোলা হয়। খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর বিএনপি আবার প্রকাশ্যভাবে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। আমি চাঁদাবাজদের সঙ্গে থেকে রাজনীতি করতে চাই না।
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কড়া সমালোচনা করেন এলডিপি চেয়ারম্যান। তিনি দাবি করেন, দলটি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। অলি আহমদ বলেন, একসময় এরশাদের ওপর একটি চেইন ছিল, পরে জি এম কাদেরের ওপর দুইটি চেইন। আর এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তারা তিনটি চেইনে ভারতে বাঁধা।
তিনি আরও বলেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছি দেশের স্বাধীনতা রক্ষার জন্য। অথচ এখন একটি দল দালালি করছে, অন্যের ইচ্ছা অনুযায়ী রাজনীতি করছে।
অলি আহমদ বলেন, দেশের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে—কারা স্বাধীনতার পক্ষে আর কারা পরাধীনতার রাজনীতি করছে। ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ প্রজন্মকে তার খেসারত দিতে হবে।
এই জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এতে ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা অংশ নেন।









































