রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২১ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যার চেষ্টা


zia-uddan

ছবি: সংগৃহীত

রাজধানীর জিয়া উদ্যানে এক যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) বিকেলে জিয়া উদ্যানে ঘুরতে আসা এক যুবক হঠাৎ করেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের ওপর উঠে নিজের শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা চালান।

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ঘটা এই ঘটনায় উপস্থিত দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক বেগম খালেদা জিয়ার কবরের ওপর উঠে পকেট থেকে ব্লেড বের করে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি পোঁচ দিতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের গলা কাটারও চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুবকটি প্রয়াত বেগম খালেদা জিয়ার কবরের ওপর গড়াগড়ি দিচ্ছেন এবং আত্মঘাতী কর্মকাণ্ড চালাচ্ছেন। পরিস্থিতি বেগতিক দেখে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে যান এবং তাকে টেনে-হেঁচড়ে মাজারের ওপর থেকে নামিয়ে আনেন।

ঘটনাস্থলে দায়িত্বরত উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ জানান, যুবকটি উদ্যানে ঘুরতে এসে অতর্কিতে কবরের ওপর উঠে পড়েন। পুলিশ ও সাধারণ মানুষের সহায়তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে ওই যুবকের পরিচয় বা কেন তিনি কবরের ওপর উঠে এমন চরম পথ বেছে নিতে চেয়েছিলেন, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।