শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২১ মার্চ ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
শেয়ার

জামালপুরে ভাসমান সেতু ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১


Floating-bridge-jamalpur

সংগৃহীত ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচরের শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), মেয়ে খাদিজা (১২) এবং আবির নামে আরও এক শিশু।

স্থানীয়দের মতে, ঈদকে কেন্দ্র করে ভাসমান সেতুতে অতিরিক্ত ভিড় জমে। এতে চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে পড়ে এবং অনেকে নদীতে পড়ে যায়। বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ শিশু নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ অপর শিশুকে খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে।