
ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার দেজন শহরে একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রয়টার্সের বরাতে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের ভয়াবহতা বিবেচনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের তীব্রতায় কারখানার দুটি বিশাল ভবনের একটি ইতিমধ্যে ধসে পড়েছে। ধ্বংসস্তূপ ও আগুনের লেলিহান শিখার কারণে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারখানাটি মূলত বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের জন্য ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরি করত। দীর্ঘ সময় পার হলেও দমকল কর্মীরা এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই ভয়াবহ দুর্ঘটনার প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট সব ধরনের সরকারি সহায়তা নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ এবং আটকে পড়া মানুষদের জীবন রক্ষার নির্দেশ দিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং কারখানা কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।








































