
নাবিলা তাসনিদকে আহ্বায়ক এবং দিলশানা পারুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে নাবিলা তাসনিদকে আহ্বায়ক এবং দিলশানা পারুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এই দুই নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে যথাক্রমে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।
সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলকার নাইন ও ফয়সাল হোসেন খান। সালামত উল্লাহ রনিকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজু। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে দলের কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেই এই নতুন নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।










































