শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২১ মার্চ ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড


bd-ireland

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফর শেষ পর্যন্ত আর হচ্ছে না। আগামী জুলাই-আগস্টে আয়ারল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। তবে লজিস্টিক সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় তহবিলের অভাব দেখিয়ে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আইরিশ ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী, জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করে আয়ারল্যান্ডে উড়াল দেওয়ার কথা ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের। কিন্তু আয়ারল্যান্ড তাদের আগামী গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করলে সেখানে বাংলাদেশের নাম না থাকায় সিরিজটি নিয়ে অনিশ্চয়তা চূড়ান্ত রূপ নেয়।

আইরিশদের প্রকাশিত সূচিতে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উল্লেখ থাকলেও বাদ পড়েছে বাংলাদেশ। এমনকি বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল হওয়ায় তারা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সংখ্যাও বাড়িয়ে নিয়েছে।

ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় অর্থের সংকুলান না হওয়ায় তারা বড় এই সিরিজটি আয়োজন করতে পারছে না। তবে সফর বাতিলের এই বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কিছু জানায়নি আইরিশ বোর্ড।

যদিও সিরিজটি নিয়ে আগে থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল, তবে আইরিশদের সাম্প্রতিক এই সিদ্ধান্তে সেই জল্পনার অবসান ঘটল। এর ফলে জুলাই-আগস্টে বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচিতে একটি বড় শূন্যতা তৈরি হলো।