রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

সেনাবাহিনীর সঙ্গে তর্ক: জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামানের দুঃখ প্রকাশ


khaliduzzaman

ছবি: সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলকে ডা. খালিদুজ্জামান বলেন, ঘটনাটি প্রায় এক মাস আগের। তিনি জানান, এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. খালিদুজ্জামান জানান, বেশ কিছুদিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নিলেও তা ইতোমধ্যে সমাধান হয়েছে বলে তিনি দাবি করেন।

পোস্টে তিনি বলেন, দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল সমাধান হওয়া ওই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী জানান, ভিডিওটি এক মাস আগের এবং ঘটনার পরপরই বিষয়টি মীমাংসা করা হয়েছে। জামায়াতের ওই প্রার্থী দুঃখ প্রকাশ করার পর আর কোনো জটিলতা ছিল না বলে তিনি জানান।

জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি গত ৬ জানুয়ারি ধারণ করা হয়। এক মাস পর এটি পুনরায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকেই বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।