বুধবার । মে ২৭, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২৭ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা মরক্কোর


Morocco

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া দলের অভিজ্ঞ ফুটবলারদের ওপর ভরসা রেখেই আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী চূড়ান্ত দল ঘোষণা করেছে মরক্কো। নতুন প্রধান কোচ মোহামেদ ওয়াহবি অভিজ্ঞ ও একঝাঁক প্রতিভাবান তরুণদের মিশ্রণে এই স্কোয়াড সাজিয়েছেন।

গত মার্চে মরক্কো জাতীয় দলের দায়িত্ব নেওয়া কোচ ওয়াহবি মূলত এর আগে ২০২৫ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোকে শিরোপা জিতিয়েছিলেন। বয়সভিত্তিক দলে সফলতার পর এবার সিনিয়র দল নিয়েও বৈশ্বিক মঞ্চে বড় স্বপ্ন দেখছেন এই মাস্টারমাইন্ড।

কোচ ওয়াহবি জানান, এই বিশ্বকাপ দল গঠনে তিনি দীর্ঘ সময় ধরে অনেক খেলোয়াড়কে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন। বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্প, আলোচনা এবং সফরের মাধ্যমে সম্ভাব্য ফুটবলারদের চুলচেরা মূল্যায়ন করেই এই ২৬ জনকে চূড়ান্ত করা হয়েছে।

মরক্কোর ঐতিহাসিক কাতার বিশ্বকাপ স্কোয়াডের ৯ জন ফুটবলার জায়গা ধরে রেখেছেন এবারের দলে। তাদের মধ্যে অন্যতম পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি, বিশ্বস্ত গোলরক্ষক ইয়াসিন বুনু, ডিফেন্ডার নাইয়েফ আগুয়ের্দ এবং মাঝমাঠের প্রাণ সোফিয়ান আমরাবাত।

এবারের স্কোয়াডে সবচেয়ে আলোচিত নতুন মুখ ১৮ বছর বয়সী মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত নিজের পিতৃভূমি মরক্কোকেই বেছে নিয়েছেন এই তরুণ ফুটবলার। তরুণ এই প্রতিভাকে নিয়ে বেশ আশাবাদী কোচ ওয়াহবি বলেন, “বুয়াদ্দি খুব দ্রুত সবকিছু রপ্ত করতে পারে এবং তার মধ্যে অসাধারণ ফুটবল প্রতিভা রয়েছে।”

তবে কাতার বিশ্বকাপের অন্যতম রূপকার অভিজ্ঞ ফরোয়ার্ড সোফিয়ান বৌফাল শেষ পর্যন্ত জায়গা পাননি পজিশন জটিলতায়। এ বিষয়ে কোচ বলেন, “বৌফাল নিঃসন্দেহে ভালো খেলোয়াড়, তবে তার পজিশনে দলে আগে থেকেই যোগ্য বিকল্প থাকায় আমাদের অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে।”

মরক্কোর ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ইয়াসিন বুনু, মুনির এল কাজুই ও রেদা তাগনাউতি।

রক্ষণভাগ: আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেলাম্মারি, জাকারিয়া এল ওয়াহদি, নাইয়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদ, রেদোয়ানে হালহাল এবং ইসা দিয়প।

মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত, আয়ুব বুয়াদ্দি, সামির এল মুরাবেত, নিল এল আইনাউই, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নুস ও ইসমাইল সাইবারি।

আক্রমণভাগ: ব্রাহিম দিয়াজ, আব্দে এজ্জালজুলি, শেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, গেসিম ইয়াসিন এবং আয়ুব আমাইমুনি।