রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
শেয়ার

মব ভায়োলেন্স বলে কিছু নেই, পুলিশ ভীত নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা


Jahangir-Alam

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব ভায়োলেন্স’ বলে কোনো কিছু নেই এবং পুলিশের মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না।

বুধবার বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোনো জনপ্রতিনিধি অশোভন আচরণ করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার করার আহ্বান জানান। তাঁর মতে, কোনো প্রার্থী অশোভন আচরণ করলে তা সমাজে প্রকাশ পেলে এমনিতেই তিনি কোণঠাসা হয়ে পড়বেন। বেশি বাড়াবাড়ি করলে ‘পাশে জেলখানা দেখিয়ে বলতে হবে- সেখানে চলে যাবেন’ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ভালো রয়েছে। নির্বাচন ঘিরে নিয়মিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এ ছাড়া সভায় রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।