রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার

বিএনপি ক্ষমতায় গেলে সমতাভিত্তিক রাষ্ট্র গড়া হবে: জুবাইদা রহমান


Dr-Jubaida-Rahman

সংগৃহীত ছবি

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমতাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশে সমস্যার অভাব নেই। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, এখন বাংলাদেশের জন্য গৌরবের নতুন সূর্যোদয়ের সময় এসেছে। ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা—সবার আগে বাংলাদেশ’—এই দর্শনেই বিএনপি রাজনীতি করে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার ওপর ভিত্তি করে পরিচালিত হয় দাবি করে জুবাইদা রহমান বলেন, বিএনপি শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার নিশ্চিত করতে চায়। এমন একটি রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য তাদের, যেখানে নেতার আগে থাকবে জনতা।

সমতাভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি শোষণের আগে অধিকার এবং জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় জানানো হয়, আগামী শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হবে। সেখানে সব শ্রেণি-পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানের রূপরেখা তুলে ধরা হবে।