
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন শেষে সর্বোচ্চ তিন দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে এবং আগামী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন শেষ হওয়ার পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং এরপর দ্রুততার সঙ্গে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এ ধরনের দাবি সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেই অন্তর্বর্তী সরকার সরে যাবে।
তিনি আরও জানান, আলোচিত ১৮০ কার্যদিবস মূলত নবনির্বাচিত সংসদ সদস্যদের ‘গণপরিষদ’ হিসেবে সংস্কারসংক্রান্ত কাজের জন্য নির্ধারিত সময়, যার সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের কোনো সম্পর্ক নেই।





































