রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯ অপরাহ্ন
শেয়ার

হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান


demand-justics

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে তারা যমুনার সামনে অবস্থান নেন। এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মী। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা) দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানিয়েছেন তারা।

অবস্থান কর্মসূচি সম্পর্কে ইনকিলাব মঞ্চের নেতা ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে বলেন, হাদি হত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়ে তারা যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে ইনকিলাব মঞ্চ বিভিন্নভাবে সহযোগিতা করলেও সংগঠনের নেতার হত্যার বিচার নিশ্চিতের ক্ষেত্রে তারা প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না।

তিনি আরও বলেন, ‘অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব মঞ্চ জনগণের সহায়তা নেবে এবং সারা দেশের জনগণকে নিয়ে যমুনার সামনে অবস্থান করবে। পরিস্থিতি সামলানোর দায়ভার সরকারের।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।