রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন না হওয়ার মতো কোনো বাস্তব কারণ দেখছি না: পররাষ্ট্র উপদেষ্টা


Touhid-Hossain

নির্বাচন না হওয়ার মতো কোনো বাস্তব কারণ দেখছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে শেষ মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর কোথাও নির্বাচন পুরোপুরি নিখুঁত হয় না, তবে নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেছে কি না—সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ নেই বলেও জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক খুব মসৃণ ছিল না এবং কিছু ক্ষেত্রে তা স্থবির অবস্থায় রয়েছে। তবে পরবর্তী সরকারের সময়ে এই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তিনি জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে পরবর্তী সরকারের কাজ সহজ করে দিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশিদের ভিসা জটিলতার জন্য কেবল পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, দেশের সামগ্রিক ব্যবস্থাকেই দায়ী করেন তিনি।