
ফাইল ছবি
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে এই নতুন সিস্টেমে আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে।
আইভ্যাক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম শুরু হয়। একই দিনে সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলা হয়। নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে ৮ ফেব্রুয়ারির জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে।
পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আবেদনকারীকে বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাইনআপ ও ডকুমেন্ট আপলোড না করলে স্লট বুক করা যাবে না।
নতুন সিস্টেমে সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন করতে ইমেইল ও মোবাইলে ভেরিফিকেশন কোড (ওটিপি) পাঠানো হবে। সাইনআপ শেষ হলে লগইন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করতে হবে। প্রয়োজনে একবার স্লট পরিবর্তনের সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। আইভ্যাক আবেদনকারীদের সতর্ক করেছে, জাল বা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকতে হবে।





































