রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশ ও ক্যারিবীয় দেশ গ্রেনেডার মধ্যে আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্কের শুরু


যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ও যুক্তরাজ্যে গ্রেনাডার হাইকমিশনার রাচের ক্রোনি

ক্যারিবীয় অঞ্চলের দেশ গ্রেনেডার সাথে বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক স্থাপন হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা হয়।

বাংলাদেশ ও গ্রেনাডা উভয় দেশই ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। পরবর্তী বছরগুলোতে দুই দেশের মধ্যে বিভিন্ন ধরনের যোগাযোগ ও আদান-প্রদান অব্যাহত থাকলেও এতদিন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডনে দুই দেশের পক্ষে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ও যুক্তরাজ্যে গ্রেনাডার হাইকমিশনার রাচের ক্রোনি। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম তার বক্তব্যে এই কুটনীতিক আনুষ্ঠানিকতাকে বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের অনুমোদিত এই ঐতিহাসিক পদক্ষেপ দক্ষিণ–দক্ষিণ সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা নির্দেশ করে।’

হাইকমিশনার আবিদা ইসলাম আরও বলেন, ‘এটি কেবল একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের মধ্যে একটি সেতুবন্ধন। পারস্পরিক শ্রদ্ধা এবং ন্যায়সংগত বৈশ্বিক ব্যবস্থার জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর এ সম্পর্কের ভিত্তি গড়ে উঠছে।’

বাংলাদেশের ঔষধ ও বস্ত্রখাতে বৈশ্বিক সক্ষমতা এবং ক্যারিবীয় অঞ্চলে গ্রেনাডার কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে বাণিজ্য ও শিল্প সম্প্রসারণে একযোগে কাজ করা হবে বলে উল্লেখ করেন হাইকমিশনার আবিদা ইসলাম।

গ্রেনাডার হাইকমিশনার বলেন, ‘গ্লোবাল সাউথের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ও গ্রেনাডার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।’

একই সঙ্গে, জাতিসংঘ ও কমনওয়েলথসহ বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও গ্রেনাডার পারস্পরিক সম্পৃক্ততা আরও গভীর করবে বলে তিনি আশা প্রকাশ করেন।