
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় এক আয়োজনে ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি দলে যোগ দেন।
দলীয় কার্যক্রমে যুক্ত হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে জিতু বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে তিনি এখন থেকে বিএনপির আদর্শ ও কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে কাজ করতে চান। একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দলের হয়ে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি আবদুর রশিদ জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের একাধিক নির্বাচিত প্রতিনিধি বিএনপি ও এর ছাত্রসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তিনি নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের দলে স্বাগত জানান এবং ছাত্ররাজনীতিতে তাদের ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আবদুর রশিদ জিতু সহসভাপতি পদে নির্বাচিত হন। ওই নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টিতেই শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হলেও, ভিপি পদে জিতুর বিজয় বিশেষভাবে আলোচনার সৃষ্টি করে।
আবদুর রশিদ জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।









































