
ফাইল ছবি
৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার প্রায় সাত মাস পর এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলো।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়। পরে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তা প্রকাশ করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন।
নিয়োগ আদেশ অনুযায়ী, নবনিযুক্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন সংশ্লিষ্ট কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে ভিন্ন কোনো নির্দেশনা না পাওয়া গেলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়া নিয়োগ-পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে—বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





































