
রাজধানীতে ১৪ নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনের জনসভায় অংশ নেবেন।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, আগামীকাল রবিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনে তার নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী দুই নাম্বার ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখবেন।
পর দিন সোমবার তারেক রহমান তার নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি নির্বাচনী জনসভায় যোগদান করবেন।
ঢাকা-১৭ আসনে তার নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকা যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায় নির্বাচনী জনসভায় যোগদান করবেন।
এছাড়াও তিনি ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় যোগদান করবেন।









































