শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার

বাকেরগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৩০ লাখ টাকার মালামাল লুট


bakerganj-news

ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এক লেবানন প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ৭-৮ জনের একদল মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাত দলটি প্রবাসী লিটন গাজীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘরে তখন লিটন গাজীর মা, স্ত্রী ও ছোট মেয়ে ছিলেন। ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং আলমারি ও সুকেসের চাবি ছিনিয়ে নেয়। চাবি দিতে দেরি হওয়ায় পরিবারের সদস্যদের মারধরও করা হয়।

ডাকাতরা প্রায় ৪০ মিনিট ধরে ঘরে তাণ্ডব চালায়। তারা আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীর পাশাপাশি মাটির ব্যাংক ভেঙে জমানো টাকাও নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার আগে পরিবারের সদস্যদের কোরআন হাতে শপথ করিয়ে হুমকি দেয়—ঘটনা প্রকাশ করলে হত্যা করা হবে।

এই নজিরবিহীন ঘটনায় পুরো পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা জীবনের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

ঘটনার খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, আমরা খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়েছি। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জোরদার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।