বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১১ অপরাহ্ন
শেয়ার

‘সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার’


Forhad-Hossain

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেওয়া খাল খননের যুগান্তকারী সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার দেশব্যাপী বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছেন সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের নদী, খাল ও জলাশয়কে পূর্ণাঙ্গভাবে খননের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার অংশ হিসেবেই কাহারোল উপজেলার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল পরিদর্শনে আসা হয়েছে।

তিনি বলেন, ‘এই খালটি খনন করা হলে এ অঞ্চলের প্রায় ছয় হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে। এতে সেচ ব্যয় কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তব উদাহরণই আজকের এই কার্যক্রম। খাল খননের মাধ্যমে কতটা নতুন জমি চাষের আওতায় আনা সম্ভব, তা এখানেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

তিনি জানান, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে সম্প্রতি একাধিক মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভার মাধ্যমে একটি যৌথ টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খনন করা খালগুলো ভবিষ্যতে পুনরায় ভরাট না হয়ে যায়। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এ সময় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।