
মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকা থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তি সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ৩টার দিকে সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়।
বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া নারী-শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করা হয় এবং ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে—সংঘবদ্ধ পাচারচক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং আটক মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।









































