
ফাইল ছবি
দেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমানযোগে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি ১২ কিলোমিটার দীর্ঘ একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন, যার মাধ্যমে দেশব্যাপী একযোগে ৫৩টি খালের খনন কাজ শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখবেন।
দিনাজপুরে রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করবেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুর জেলা ও কাহারোল উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।





































