সোমবার । মার্চ ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মার্চ ২০২৬, ২:৪২ অপরাহ্ন
শেয়ার

আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী


আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জানি বেশির ভাগ মানুষ গ্রামে থাকেন। কৃষির সঙ্গে অনেকে জড়িত। এজন্য আমরা মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোলের বলরামপুরে সাহাপাড়া খাল খননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা এমন একটি দল, যারা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়। আমরা খাল খনন শুরু করলাম। সারা বাংলাদেশে আমরা এটা করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল কাটার উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখানে থেকে সড়কপথে তিনি দিনাজপুরে যান।

সমাবেশ শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।