সোমবার । মার্চ ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
শেয়ার

গণভোট নিয়ে অর্ধেক বোঝার ভিত্তিতেই বক্তব্য দিচ্ছেন এনসিপি নেতারা: আইনমন্ত্রী


Asaduzaman

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিষয়টি সম্পূর্ণ না বুঝেই তারা মন্তব্য করছেন এবং অর্ধেক বোঝার ভিত্তিতেই বক্তব্য দিচ্ছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে খোকসা উপজেলার মোড়াগাছা–হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা তারা পুরোপুরি না বুঝেই দিচ্ছেন। তারা বিষয়টি অর্ধেক বুঝেছেন। এ বিষয়ে তাদের বক্তব্যের জবাব আমরা জাতীয় সংসদে দেব।’ তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং সেই সনদের আলোকে পথ চলতে চায়। আবেগ ও আইনের সমন্বয় করেই সরকার এগোতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

৫ আগস্ট পরবর্তী সময়ের মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতেই এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে খাল খনন কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমে। এ সময় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্যআফজাল হুসাইনসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।