
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ফুল দিয়ে বরণ করে নেন নবনিযুক্ত উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমদ খান তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য, ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর ভার্চুয়াল ক্লাসরুমে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপাচার্য বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নীত করা এবং বিশ্বপরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়কে আরও সুপরিচিত করাই হবে তার অগ্রাধিকার। শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
ড. ওবায়দুল ইসলাম বলেন, সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব। একইসঙ্গে তিনি সাবেক উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে তার অবদানের জন্য ধন্যবাদ জানান।
এদিকে, নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।










































