বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৮ মার্চ ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
শেয়ার

দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী


food

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের খাদ্য নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। তিনি জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতার প্রভাব থাকলেও বাংলাদেশে খাদ্য সংকটের কোনো কারণ নেই।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বিশ্বব্যাপী যুদ্ধের প্রভাবে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, যা দিয়ে আগামী জুন-জুলাই মাস পর্যন্ত অনায়াসেই চলবে।” তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা যেন দেশের অভ্যন্তরীণ উৎপাদনে বাধা হতে না পারে, সেদিকে সরকার সজাগ দৃষ্টি রাখছে।

দেশের কৃষি খাতের বর্তমান ইতিবাচক চিত্র তুলে ধরে আমিন উর রশীদ ইয়াছিন বলেন, “ইতোমধ্যে দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টি বোরো ধানসহ অন্যান্য কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।” প্রকৃতি অনুকূলে থাকায় কৃষকদের সেচ খরচ কমবে এবং ফলনও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী কৃষকদের আশ্বস্ত করে জানান, কৃষকদের জন্য সার, বীজ ও অন্যান্য প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া অব্যাহত রয়েছে। সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বৈশ্বিক অস্থিরতা দেশের কৃষি খাতে প্রভাব ফেলতে পারবে না।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী শিমপুর গ্রামের সুবিধাভোগীদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করেন।