
শেহবাজ শরীফ ও তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক কথোপকথনের সময় শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।
শুক্রবার (২০ মার্চ) দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয় বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
ফোনালাপে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শাহবাজ শরীফ আশ্বস্ত করেন যে, সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানানো হয়েছে, দুই নেতা এ সময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ এবং কূটনীতির ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
শাহবাজ শরীফের শুভেচ্ছার প্রতিউত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমানও পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয় নেতা।





































