
ফাইল ছবি
জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঈদের যাতায়াতে অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “মন্ত্রী বলেছেন অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। দেশবাসীর প্রশ্ন—লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছে, এই বিপুল সংখ্যক মানুষের কাছে ফেরতকৃত টাকা তিনি কীভাবে পৌঁছাবেন? এটি দেশবাসীর সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।” তিনি আরও যোগ করেন, যাত্রীরা টিকেট কিনতে গিয়ে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও চাঁদাবাজির শিকার হয়েছেন, যা তাঁদের ঈদের আনন্দ মাটি করে দিয়েছে।
সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে অনিয়ম থাকলেও দেশ অচল না করার স্বার্থে তাঁরা তা মেনে নিয়েছেন। তবে সরকার সঠিক ধারায় ফিরে না আসলে ‘জুলাই যোদ্ধা’ ও সাধারণ মানুষ তাঁদের ক্ষমা করবে না। তিনি বলেন, “আমরা সরকারের কণ্ঠে শুনতে চাই যে, বাংলাদেশে আর চাঁদাবাজি ও জুলুম হবে না। সরকার যদি কথা ও কাজে এটি প্রমাণ করতে পারে, তবে আমরা সকল ইতিবাচক কাজে সহযোগিতা করব। কিন্তু জনস্বার্থবিরোধী পদক্ষেপের আমরা তীব্র প্রতিবাদ ও প্রয়োজনে তা প্রতিহত করব।”
এর আগে নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমবার নিজ এলাকায় আসায় ডা. শফিকুর রহমানকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে অভ্যর্থনা জানায় স্থানীয় জনতা। বাড়িতে প্রবেশের আগে তিনি পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সিলেট ও মৌলভীবাজার জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪ হাজার মানুষ অংশ নেন এবং জামায়াত আমিরের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।








































