
স্পিকার মেজর (অব,) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) স্ত্রী দিলারা হাফিজ
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব,) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি মারা যান।
দীর্ঘ দিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ঈদুল ফিতরের দিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরপর সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জোহর নামাজের পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।






































