
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
চার দিনের সরকারি সফরে আজ শনিবার (২৮ মার্চ) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটিই রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর, যা ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি আজ দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টা ৪০ মিনিটে তিনি পাবনা ক্যাডেট কলেজ মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ২টায় পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানেই রাত্রিযাপন করবেন।
আগামীকাল রবিবার সকাল ১১টা ১০ মিনিটে রাষ্ট্রপতি পাবনা সদর গোরস্তানে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। ওইদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। এরপর রাত ৮টা ১০ মিনিটে পুনরায় সার্কিট হাউসে ফিরে বিশ্রাম নেবেন তিনি।
আগামী সোমবার সকাল ১১টায় পাবনা সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যা ৭টায় তিনি পাবনা জেলা শহরে অবস্থিত তাঁর নিজ বাসভবনে যাবেন। রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন এবং মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে পাবনা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় নেতা ও রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে তোরণ নির্মাণসহ শহরজুড়ে আলোকসজ্জা ও সাজসজ্জা করা হয়েছে।







































