
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে রিটে জুলাই অভ্যুত্থানের সময় ‘নীরব ভূমিকা’ পালনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি রাষ্ট্রপতির বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের তদন্ত চাওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। রিটটি আগামী মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।
রিটে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সংবিধানসম্মত নয় এবং এ কারণে তার শপথ গ্রহণ অবৈধ ঘোষণা করা প্রয়োজন। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে থেকে কার্যকর ভূমিকা না রাখার অভিযোগ তুলে রাষ্ট্রপতির বিরুদ্ধেও তদন্তের আবেদন জানানো হয়।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের উদ্যোগ নিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়।
ওই নোটিশটি পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।






































