
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ।। ফাইল ছবি
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে স্বাস্থ্য খাতে ভয়াবহ লুটপাট ও অব্যবস্থাপনার কারণে বর্তমানে উন্নয়নমূলক কাজে কোনো তহবিল অবশিষ্ট নেই বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। রোববার জাতীয় সংসদের বৈঠকে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ, সিরিঞ্জ কেনার মতো অর্থও নেই।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেলে সংসদ অধিবেশন শুরু হলে কার্যপ্রণালি বিধির ৭১-এ মনোযোগ আকর্ষণ নোটিশে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার ‘গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ’ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে জবাব দিতে দাঁড়ান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “বিগত সরকারের লুটপাটে স্বাস্থ্যখাত আজ বিপর্যস্ত। চলমান কোনো উন্নয়ন প্রকল্প সঠিকভাবে সম্পন্ন হয়নি।” তিনি উদাহরণ দিয়ে বলেন, আড়াইশ শয্যার কিছু হাসপাতাল নির্মাণে এমন নিম্নমানের পরিকল্পনা ছিল যে প্রবেশদ্বারের সামনে বাথরুম তৈরি করা হয়েছে—যেখানে দুর্গন্ধে রোগী বা স্বজন কেউই ঢুকতে পারবে না।
তিনি অভিযোগ করেন, “তড়িঘড়ি করে টাকা আত্মসাৎ করার লক্ষ্যে ভুল নকশা ও নিম্নমানের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সব শেষ করে গেছে।”
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে সামান্য সম্পদ ছিল, তাও নষ্ট হয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীকে দুই-তিন দফা অবহিত করা হয়েছে।
তিনি বলেন, “আগামী বাজেটের পর সীমিত সম্পদের মধ্যেও ধাপে ধাপে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে যা প্রয়োজন, তা করা হবে।”





































