মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৩১ মার্চ ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
শেয়ার

দেশে প্রায় এক লাখ ৯৩ হাজার টন জ্বালানি তেল মজুত আছে


জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী

দেশে জ্বালানি তেলের মজুত সন্তোষজনক এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়েছে জ্বালানি বিভাগ। একইসঙ্গে বাজার তদারকিতে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন। ডিজেল দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩ শতাংশ।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি জানান, জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি মজুত রয়েছে ডিজেল, যা কৃষি, পরিবহন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অন্যদিকে, একই সময়ে অকটেনের মজুত দাঁড়িয়েছে ৭ হাজার ৯৪০ মেট্রিক টন। ব্যক্তিগত যানবাহন ও উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিনে ব্যবহৃত এই জ্বালানির বর্তমান চাহিদা পূরণে পর্যাপ্ত মজুত রয়েছে।

এছাড়া, পেট্রোলের মজুত ১১ হাজার ৪৩১ মেট্রিক টন। পাশাপাশি জেট ফুয়েলের মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন, যা বর্তমান চাহিদা পূরণে যথেষ্ট।

মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের সরবরাহ প্রতিদিনই নতুন আমদানি ও খালাসের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে। ফলে দৈনিক সরবরাহের পাশাপাশি মজুতও নিয়মিত হালনাগাদ হচ্ছে।