মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩১ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শেয়ার

গণভোটকে অবৈধ করার কোনো সুযোগ নেই: আখতার হোসেন


akhter-hossen

ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে জাতীয় সংসদে চলা বিতর্কের কড়া জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সংসদ অধিবেশনে তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের পক্ষে দেশের জনগণ রায় দিয়েছে। গণভোট অধ্যাদেশ সংসদে অনুমোদিত হোক বা না হোক, এই গণভোটকে অবৈধ করার কোনো সুযোগ নেই।”

আখতার হোসেন সরকারি দলের ভূমিকার সমালোচনা করে বলেন, “জনগণের রায়কে অসাংবিধানিক বলা ধৃষ্টতাপূর্ণ এবং এটি সংসদকে কলঙ্কিত করার শামিল।” তিনি বর্তমান প্রধানমন্ত্রীর পূর্ববর্তী অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৩০ জানুয়ারি রংপুরে দাঁড়িয়ে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অথচ এখন তারা কেন এই রায় মানতে চাইছেন না, সেই প্রশ্ন আমরা প্রধানমন্ত্রীর কাছে রাখতে চাই।”

চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সাংবিধানিক শূন্যতার কথা উল্লেখ করে এনসিপির এই সংসদ সদস্য বলেন, “৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত যখন দেশে কোনো সরকার ছিল না, তখন সংবিধান কতটুকু কার্যকর ছিল? বর্তমান আইনমন্ত্রী তখন কোন সংবিধানে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন? অন্তর্বর্তীকালীন সরকারের শপথের বর্ণনাও তো সংবিধানে ছিল না। হাজারো মানুষের জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রত্যয়ে তখন জনগণের অভিপ্রায়ই ছিল মূল আইন।”

রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদী জাঁতাকল থেকে মুক্তি পেতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত ‘ঐকমত্য কমিশন’-এ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, “বর্তমানে সরকারি বেঞ্চে বসা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, জোনায়েদ সাকি, নুরুল হক নূর ও শাহাদাত হোসেন সেলিমসহ অনেকেই সেই আলোচনায় উপস্থিত ছিলেন। এখন সংসদে এসে তারা সেই প্রতিশ্রুতির কথা কীভাবে ভুলে গেলেন?”

আখতার হোসেন আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেখানে জনগণের ইচ্ছাই সর্বোচ্চ। তাই জুলাই বিপ্লবের চেতনা ও গণভোটের ফলাফলকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই।