বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২ এপ্রিল ২০২৬, ৬:১৩ অপরাহ্ন
শেয়ার

এমপি আমির হামজার বিরুদ্ধে সমন জারি


amir-hamja

মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলার অভিযোগে সিরাজগঞ্জে আরও একটি মানহানির মামলা হয়েছে।

বৃহস্পতিবার চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুঁইয়া অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, মন্ত্রী টুকুর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য মানহানিকর হওয়ায় দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মানহানির ক্ষতিপূরণ টাকায় পূরণযোগ্য নয়—তাই মামলায় কোনো অর্থ দাবি করা হয়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার জানান, প্রয়োজনীয় নথিপত্র যাচাই শেষে আদালত সমন জারি করেছে। নির্ধারিত দিনে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

এর আগে একই অভিযোগে গত সোমবার সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা করেছিলেন, যা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই।