শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকাসহ ৫ বিভাগে তাপপ্রবাহ বাড়ার পূর্বাভাস


hot-weather

ছবি: সংগৃহীত

সারাদেশে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যার তীব্রতায় জনজীবন ওষ্ঠাগত। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে গরমের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। তবে এই পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকে রাজধানী ঢাকাসহ দেশের ৫টি বিভাগে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। খুলনা ও রাজশাহীর পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে এই তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকাতেও বিচ্ছিন্নভাবে গরমের প্রভাব দেখা দিতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, গোপালগঞ্জ ও নড়াইলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া নাটোর, নওগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমের কারণে হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে বিডব্লিউওটি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে না থাকাই ভালো। এ সময় ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি শরীর হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এর মধ্যে দেশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িকভাবে ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে।