বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৭ এপ্রিল ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম


gold

ফাইল ছবি

বিশ্ববাজারে সোনার দামে আবারও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তবে ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের উচ্চমূল্যের কারণে এই দাম বাড়ার গতি কিছুটা সীমিত রয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬৫৫.৮৯ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে সোনার দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত বাড়লেও পরবর্তী সময়ে তা কিছুটা কমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪,৬৮০.৫০ ডলারে নেমে এসেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধাবস্থা এবং চরম অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন। ভূ-রাজনৈতিক অস্থিরতার সময় সাধারণত সোনার চাহিদা বেড়ে যায়। তবে একই সময়ে বৈশ্বিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং জ্বালানি তেলের চড়া দাম সোনার মূল্যের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তার ওপরই নির্ভর করছে সোনার বাজারের পরবর্তী গতিপথ। আপাতত বিনিয়োগকারীদের তীক্ষ্ণ নজর রয়েছে ওই অঞ্চলের পরিস্থিতির দিকে, যা আগামী দিনগুলোতে সোনার দাম নির্ধারণে প্রধান ভূমিকা পালন করবে।