
ফাউন্ডেশনের কর্মকর্তারা চুক্তিবদ্ধ কৃষক ও জমির মালিকদের নিয়ে সরেজমিনে মাঠ পরিদর্শন করেন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কমল বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জামালপুর ইউনিয়নের চুপারই এলাকায় কৃষক আয়েত আলীর বাড়ি সংলগ্ন মাঠে এই সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) খন্দকার মাহফুজুল বাচ্চু। সভায় চুক্তিবদ্ধ কৃষকদের কমল বীজ উৎপাদন, সংরক্ষণ পদ্ধতি এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, পরিচালক খন্দকার মাহবুব আলম, প্রকৌশলী মাহবুব আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফুল হক, কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক, ড. জাকির হোসেন, ডা. শফিকুল আহাদ সর্দার স্বপনসহ আরও অনেকে।

এর আগে ফাউন্ডেশনের কর্মকর্তারা চুক্তিবদ্ধ কৃষক ও জমির মালিকদের নিয়ে সরেজমিনে মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তারা উৎপাদন প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










































