শনিবার । এপ্রিল ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে একঝাঁক তারকা শিল্পী


kanakchapa-najnin

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি আসনে মনোনয়ন না পাওয়া বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা শিল্পী এবার সংরক্ষিত নারী আসনে নিজেদের ভাগ্য পরীক্ষায় মাঠে নেমেছেন। দলের চূড়ান্ত মনোনয়ন পেতে ইতোমধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় বেশ কয়েকজন কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পী।

শনিবার (১১ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপ্রত্যাশীরা তাদের ফরম সংগ্রহ করেন। নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছেন বরেণ্য সংগীতশিল্পী রিজিয়া পারভীন। এ ছাড়া আগে থেকেই এই দৌড়ে সক্রিয় রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা, ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত বেবী নাজনীন এবং নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।

মনোনয়ন ফরম সংগ্রহের পর কনকচাঁপা গণমাধ্যমকে বলেন, “আমি মহান সংসদে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশার কথা বলতে চাই। তাদের সেবা করার সুযোগ পেতে চাই।” এর আগে তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে সরাসরি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন কিনেছিলেন, তবে শেষ পর্যন্ত আসনটিতে দলের চূড়ান্ত মনোনয়ন পাননি।

অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবী এবং নিজ জেলা কিশোরগঞ্জ থেকে রিজিয়া পারভীন সংরক্ষিত আসনের জন্য দলীয় ফরম জমা দিয়েছেন।

সরাসরি নির্বাচনে সুযোগ না পেলেও সংসদের সংরক্ষিত নারী আসনের মাধ্যমে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত হতে চাইছেন বিনোদন জগতের এই উজ্জ্বল নক্ষত্ররা। এখন দেখার বিষয়, দল শেষ পর্যন্ত কাদের হাতে তুলে দেয় চূড়ান্ত মনোনয়নের চিঠি।