
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম কেনা ও জমাদানকে কেন্দ্র করে নয়াপল্টন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত তিন দিনে ১২ শতাধিক নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং ইতিমধ্যে জমা পড়েছে ৯ শতাধিক ফরম।
বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, গত শুক্র, শনি ও রোববার মিলিয়ে রেকর্ড সংখ্যক ফরম বিক্রি হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত ফরম জমা দেওয়ার শেষ সময় থাকলেও আগ্রহীদের ভিড়ের কারণে রাত ৯টা পর্যন্ত ফরম গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে অনেকে জমা দিতে না পারায় দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আজ সোমবারও ফরম জমা নেওয়ার কার্যক্রম চলবে।
দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের জমা দেওয়া জীবনবৃত্তান্তগুলো বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সদস্যরা নিবিড়ভাবে যাচাই-বাছাই করবেন। এরপর এলাকাভিত্তিক উন্নয়ন কর্মপরিকল্পনা ও মেধার ভিত্তিতে প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরলে আগামী ১৬ এপ্রিল থেকে প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হবে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাছাইয়ের ক্ষেত্রে বিভাগীয় ভারসাম্য এবং যে জেলাগুলোতে বিএনপি নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ছিল, সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।
গতকাল নয়াপল্টন কার্যালয় এলাকা ঘুরে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকদের আনাগোনায় পুরো এলাকা মুখরিত। নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন আর স্লোগানে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে এক কর্মচঞ্চল পরিবেশ তৈরি হয়েছে।
সংগীতশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, দিলরুবা খান, রিজিয়া পারভীনসহ ছয়জন তারকা শিল্পী এবার বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারকা প্রার্থীদের নিয়ে দলের ভেতরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের প্রেক্ষিতে কড়া বার্তা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “দলে সেলিব্রিটি আসা অস্বাভাবিক নয়। বিশ্বের অনেক দেশেই শিল্পীরা রাজনীতিতে সফল হয়েছেন। একজন বিখ্যাত শিল্পী যদি দলের পক্ষে অবস্থান নেন, সেটাও বড় অবদান।” তারকাদের সঙ্গে কেউ অশোভন আচরণ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও জানান, এবার প্রার্থী নির্বাচনে সংগঠনের প্রতি আনুগত্য, দক্ষতা, মেধা ও মননশীলতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।







































