মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের


hormuz

ফাইল ছবি

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ঢাকার ইরান দূতাবাস। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে দূতাবাস এই প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশটি।

বিবৃতিতে জানানো হয়, ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে হরমুজ প্রণালিতে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছে তেহরান। এছাড়া সাম্প্রতিক যুদ্ধাবস্থার মধ্যে আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে দূতাবাস বিশেষ সুবিধা প্রদান করেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ফলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জন্য আন্তরিক সমবেদনা জানিয়েছে দূতাবাস। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পাঠানো শোকবার্তা এবং জাতীয় সংসদে গৃহীত শোকপ্রস্তাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকেও সাধুবাদ জানানো হয়।

চলতি সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিত আন্তালিয়া ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের মধ্যকার বৈঠককে স্বাগত জানিয়েছে দূতাবাস। ইরান মনে করে, দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ফলপ্রসূ সম্পৃক্ততা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ‘ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক’ অবস্থানেরও প্রশংসা করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে দূতাবাস সাম্প্রতিক কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে। ইরান দূতাবাস জানায়, কিছু সাক্ষাৎকারের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সংগতিপূর্ণ নয়। পারস্পরিক শ্রদ্ধার চেতনা বজায় রেখে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পরিশেষে, ইরান অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে।