
ছবি: সংগৃহীত
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (৫ মে) এই তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে হুনান প্রদেশের লিউইয়াং শহরের ‘লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’তে এই বিস্ফোরণ ঘটে। লিউইয়াং শহরটি চীনের আতশবাজি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার পার্শ্ববর্তী আবাসিক এলাকার ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসায় প্রায় ৫০০ উদ্ধারকর্মী মোতায়েন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভবনের ভেতরে আটকা পড়াদের খুঁজে বের করতে বিশেষায়িত রোবট ব্যবহার করা হচ্ছে। তবে কারখানার ভেতর থাকা দুটি বারুদ গুদামের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে এবং দ্বিতীয় দফায় বিস্ফোরণ এড়াতে আশপাশের ৩ কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর জবাবদিহিতার আওতায় আনতে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ ইতিমধ্যে ওই আতশবাজি কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তাদের আটক করে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, চীনে নিরাপত্তার ঘাটতি এবং শিথিল তদারকির কারণে আতশবাজি কারখানায় প্রায়ই এ ধরনের বড় দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও দুটি পৃথক আতশবাজি বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।







































