
সৌদি আরবে মারা যাওয়া দুই বাংলাদেশি হজযাত্রী
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন। মঙ্গলবার (৫ মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের নিয়মিত বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ সোমবার মক্কায় ইন্তেকাল করেছেন ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলের মাহফুজা বেগম (৫২)। তারা দুজনেই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক ছিল। এ পর্যন্ত মারা যাওয়া ৯ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। এর মধ্যে মক্কায় ৭ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
এদিকে হজ ফ্লাইটের সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪টি, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে। হজ শেষে আগামী ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩০ জুন।










































